বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১০ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি করা হয়েছে। মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই বদলির নির্দেশ দেওয়া হয়। বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে পাঁচজন অতিরিক্ত পুলিশ সুপার এবং পাঁচজন সহকারী পুলিশ সুপার রয়েছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, জাতিসংঘ মিশন শেষে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করা ও সম্প্রতি পদোন্নতি পাওয়া অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আহমেদকে বরগুনা সদর সার্কেলে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমানকে শরীয়তপুর, কাজী মো. সালাহউদ্দিনকে চাঁদপুর এবং চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমানকে কুমিল্লায় বদলি করা হয়। অন্যদিকে, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শরিফুল আলমকে রংপুরে পদায়ন করা হয়েছে।
সহকারী পুলিশ সুপারদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার সাগর সরকারকে পিবিআই, ময়মনসিংহের তাহমিনা আক্তারকে ফুলপুর সার্কেলে এবং ফুলপুর সার্কেলের মো. রাকিবুর রহমানকে রাজবাড়ীর পাংশা সার্কেলে বদলি করা হয়েছে।
এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার সিরাজ উদ দৌলাকে হাইওয়ে পুলিশে এবং রাঙ্গামাটির রাজস্থলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নুরুল আমিনকে সিআইডিতে বদলি করা হয়।